চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছেলেকে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা মোহাম্মদ জাফর হাটহাজারী উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। তিনি কারাগারে আটক আছেন।
বুধবার বিকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।
২০০৮ সালের ২৫ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে জাফর আলম তার ১৩ বছর বয়েসী ছেলেকে সোহেলকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা হাছিনা বেগম বাদি হয়ে হাটহাজারী থানায় একটি হত্যামামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলেকে হত্যার অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।
আইনজীবী হাশেম আরো জানান, বিচারক তার রায়ে জাফরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।
২০০৮ সালের ২৫ জুলাই এ মামলায় জাফরকে অভিযুক্ত করে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ২২ অক্টোবর আদালতে এই মামলার অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২১৮ ঘ.
bdnews24