চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের 'ক্যাপিটাল ড্রেজিং' প্রকল্পে দরপত্র জমা দিয়েছে চারটি প্রতিষ্ঠান।
বুধবার দুপুর দুইটা পর্যন্ত বন্দর ভবনে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের দরপত্র জমা নেওয়া হয়।
এ প্রকল্পের জন্য ১২ টি প্রতিষ্ঠান প্রাক-যোগ্য বা দরপত্রে অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। তবে দরপত্র ফরম কিনেছিল ১১টি প্রতিষ্ঠান।
এতে সর্বনিম্ন দর দিয়েছে মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন। প্রতিষ্ঠানটির দর ২২৯ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ৬৬ টাকা।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা 'বঙ্গ ড্রেজিং অ্যান্ড মেসার্স রফিক কনস্ট্রাকশন'। এ প্রতিষ্ঠান দর দিয়েছে ৩৪৩ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২০৯ টাকা।
তৃতীয় দরদাতা চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ৪৯৯ কোটি ১৪ লাখ ১ হাজার ১৮৪ টাকা এবং সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড ৬১৩ কোটি ৯৩ লাখ ১৭ হাজার ৪৮ টাকা দর দিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাপিটাল ড্রেজিংয়ের দরপত্র মূল্যায়ন কমিটি চারটি প্রতিষ্ঠানের দর ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবে।
পরবর্তীতে মন্ত্রীসভার অনুমোদন সাপেক্ষে যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে বলে তিনি জানান।
দরপত্র মূল্যায়ন কমিটির প্রধান হলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (ইঞ্জিনিয়ারিং) ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী।
বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয় ৩৭৬ কোটি টাকা। ২০১২ সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এ প্রকল্পের আওতায় বন্দরের এক নম্বর জেটির উজানে কর্ণফুলী নদীর দুই দশমিক ৬০ কিলোমিটার এলাকা থেকে ৩৫ লাখ ৪০ হাজার ঘনমিটার মাটি-বালি উত্তোলন করা হবে। এ ছাড়া দুই হাজার ৬১৫ মিটার দীর্ঘ তীর রক্ষা এবং ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হবে।
২০০৪-২০০৫ অর্থবছরে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প প্রথম হাতে নেওয়া হয়। ২০০৬ সালের ৮ জুন এই প্রকল্পের দরপত্র মূল্যায়ন প্রতিবেদন নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু তা মন্ত্রণালয় থেকে অনুমোদন পায়নি। পরবর্তীতে প্রকল্প ব্যয় বাড়িয়ে ৩৭৬ কোটি টাকা নির্ধারণ করা হয়।
২০০৯ সালের ১৯ অক্টোবর নৌ-পরিবহন মন্ত্রণালয় এ প্রকল্প চূড়ান্ত অনুমোদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৩ ঘ.
bdnews24