বগুড়া, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশু অপহরণের চেষ্টার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।
একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জেব-উন-নেসা এ রায় দেন।
দণ্ডিত নারী হলেন- বগুড়া শহরের খান্দার কসাইপাড়া এলাকার সাজুর স্ত্রী পারভীন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তবিবর রহমান জানান, আসামি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ১২ জুলাই পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলে ঢুকে পারভীন কয়েকটি শিশুকে ফুসলিয়ে শ্রেণীকক্ষ থেকে বের করে নেওয়ার চেষ্টা করেন।
স্কুলের কর্মচারী মোস্তাক ও আব্দুল হাকিমের সন্দেহ হলে তারা পারভীনকে আটক করে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আহম্মেদ আলী বাদি হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ পারভীনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুল হক ভূঁইয়া ওই বছরের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24