মৌলভীবাজার, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগে বুধবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে রোগীর স্বজনরা বিক্ষোভ করেছে।
এ সময় তারা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. কান্তি ভূষণ ও স্ত্রীরোগ বিভাগের ডা. ইশরাত জাহানের অপসারণ ও শাস্তি দাবি করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাহেনা আক্তার রেখা (২৫) নামের ওই প্রসূতিকে মঙ্গলবার সকালে সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়।
রাহেনা আক্তার রেখা মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের নৈশ প্রহরী রফিক আলীর স্ত্রী।
রেখার মা আনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল ১১টায় ভর্তি করানোর পর তার কোনো চিকিৎসাই হয়নি। বুধবার সকাল ১০টায় রেখার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় সাংবাদিক জানান, দুপুরে ময়নাতদন্তছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তরের সময় 'রেখা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন'- এমন একটি লেখায় ডা. কান্তিভূষণ রেখার স্বামী রফিক আলীর স্বাক্ষর নিতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।
এক পর্যায়ে স্বজনরা লাশ নিয়ে যেতে চাইলে চিকিৎসক, নার্স ও স্টাফদের সঙ্গে তাদের ঝগড়া শুরু হয়। এ সময় রোগীর স্বজনরা বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডা. কান্তি ভূষণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনা চিকিৎসসায় রোগীনির মৃত্যুর অভিযোগটি ভিত্তিহীন।"
মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সাইদুর রহমান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, রেখার পরিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছে।
এতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24