২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-শিবির মারামারিতে ৪ পুলিশ আহত

মৌলভীবাজারে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছে চার পুলিশ সদস্য। পুলিশ অভিযোগ করেছে, তাদের ওপর ছাত্রশিবির হামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছে চার পুলিশ সদস্য। পুলিশ অভিযোগ করেছে, তাদের ওপর ছাত্রশিবির হামলা করেছে। বড়লেখা উপজেলা সদরের বাজারে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ওই সময় চারটি দোকানও ভাংচুর হয়। আহত হয় এক ব্যবসায়ী। আহতরা হলেন- বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. কায়কোবাদ ও আকবর আলী, কনস্টেবল মানিক দে ও জিতু মিয়া এবং ব্যবসায়ী গেদু মিয়া। এর মধ্যে জিতু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি তিন পুলিশ সদস্যকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মামলা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরকর্মীদের আদালত চত্বরে কথা কাটাকাটি হয়। এরপর বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গেলে শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ছাত্রশিবির ২০০৮ সালে ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করে। বুধবার ওই মামলার শুনানি ছিলো। এদিন আদালতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে বলে বড়লেখা থানার ওসি অমল কুমার ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা আহাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪৫ ঘ.