ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার তদন্তে আরো তিন মাস সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ওই ঘটনায় করা বিস্ফোরক মামলায় তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ মো, জহুরুল হক মঙ্গলবার তদন্তের সময় তিন মাস বাড়িয়েছেন।
গ্রেনেড হামলার বিস্ফোরক ও হত্যার দুই মামলার অধিকতর তদন্ত করছেন সিআইডির বিশেষ সুপার কাহার আখন্দ। বিস্ফোরক মামলা তদন্তের জন্য তিনি আরো চার মাস সময় চাইলেও এক মাস কম পেয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ নিয়ে এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ সাতবার পেছানো হলো।
এ ঘটনায় হত্যা মামলায়ও গত ২২ নভেম্বরে সপ্তমবারের মতো অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফজিলা খাতুন সে আবেদন মঞ্জুর করে আগামী ৭ মার্চ তারিখে সে মামলার প্রতিবেদন দাখিলের সময় ঠিক করে দিয়েছেন।
দুই মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য গ্রহণের পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন।
দ্রুত বিচারের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় হত্যা মামলা দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এবং বিস্ফোরক মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হলেও কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানও রয়েছেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এর তদন্ত ভিন্ন খাতে প্রবাতি করার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮০০ ঘ.
bdnews24