পাবনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর পাবনার সাঁথিয়া উপজেলায় এক 'চরমপন্থি'কে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে তাকে বাড়ি থেকে অপহরণ করেছিল। সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত জিয়াউল হকের (২৮) বাড়ি সাঁথিয়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামে।
তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সদস্য বলে পুলিশ জানিয়েছে।
সাঁথিয়া থানার ওসি এবিএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ১০/১২ জন সশস্ত্র দুর্বৃত্ত বাড়ি থেকে জিয়াউলকে অপহরণ করে। সোমবার দুপুরে আলোকদিয়ার বিলে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24