২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার ক্রাইম: চট্টগ্রামে প্র্রকৌশলী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকে এক ছাত্রীর সম্ভ্রমহানির ছবি সংযুক্ত করার অভিযোগে দায়ের মামলায় চট্টগ্রামে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকে এক ছাত্রীর সম্ভ্রমহানির ছবি সংযুক্ত করার অভিযোগে দায়ের মামলায় চট্টগ্রামে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার রাত ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে প্রকৌশলী আলিম উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের সহকারী প্রকৌশলী আলিম হালিশহর সিডিএ আবাসিক এলাকার কে ব্লকের বাসিন্দা। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলিমের সঙ্গে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্রীর পরিচয় ছিলো। গত সেপ্টেম্বরে আলিম ওই ছাত্রীর সম্ভ্রমহানির চেষ্টা করে। এরপর থেকে ওই ছাত্রী আলিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এর জের ধরে আলিম ওই ছাত্রীর নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলে। কোতোয়ালী থানার এসআই সদীপ কুমার দাশ জানান, আলিম ফেইসবুকের ওই ভুয়া অ্যাকাউন্টে ওই ছাত্রীর সম্ভ্রমহানির চেষ্টাকালের তোলা কিছু ছবি সংযুক্ত করে। রোববার ওই ছাত্রী আলিম উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/আরএ/এজে/১৫১৩ ঘ.