ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের বরাদ্দ বাড়ানোর চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, "নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল আরো বাড়ানো যায় কি না তা পরীক্ষা করে দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানিয়েছি।"
শনিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে 'মহিলা উদ্যোক্তাদের সমাবেশ ও পণ্য প্রদর্শনী' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দিনব্যাপী এ প্রদর্শনীতে পুনঃঅর্থায়ন স্কিমের অর্থ নিয়ে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের মত বিনিময়ের ব্যবস্থাও করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের ১৫ শতাংশ অর্থ নারী উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এক হাজার চারশ ২৯ জন নারী উদ্যোক্তার মধ্যে একশ ১২ কোটি ৮৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সর্বোচ্চ ১০ শতাংশ সুদের এ ঋণ বিতরণ করেছে ১৭টি ব্যাংক ও ১৭টি অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
এ অর্থ নিয়ে দেশের নারী উদ্যোক্তারা উপকৃত হয়েছেন উল্লেখ করে গভর্নর বলেন, "নারীদের দেওয়া অর্থ সত্যি সত্যি উৎপাদনশীল খাতে ব্যবহৃত হচ্ছে।"
নারী উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন স্কিম থেকে সর্বনিু ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ লাখ পর্যন্ত ঋণ দেওয়া হয়। জামানতবিহীন ঋণ দেওয়া হয় সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২০১ ঘ.
bdnews24