গোপালগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ থেকে উদ্ধার করা মেছোবাঘটি বাগেরহাটের কোমরপুর গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম. আউয়াল হকের নেতৃত্বে একটি দল বাঘটি অবমুক্ত করে।
কাশিয়ানি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. আউয়াল হক বলেন, বণ্যপ্রাণী ও পাখি বিশেষজ্ঞ শরীফ খানের কাছে মেইলে মেছোবাঘটির ছবি পাঠানো হলে তিনি এটিকে বিলুপ্ত প্রজাতির মেছোবাঘ বলে সনাক্ত করেন।
মেছোবাঘ অভ্যাস পরিবর্তন করে চিড়িয়াখানায় দিলে মারা যায়। এ কারণে তিনি মেছোবাঘটিকে চিড়িয়াখানায় না দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।
গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহ জামান সাংবাদিকদের জানান, গত বুধবার রাতে কাশিয়ানী উপজেলার জোনাশুর গ্রামের আলমগীর মৃধার ফাঁদে প্রায় আড়াই ফুট লম্বা পূর্ণ বয়স্ক একটি মেছো বাঘ আটকা পরে।
জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও বন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘটিকে গোপালগঞ্জে আনা হয়। পরে বাঘটি প্রাণিসম্পদ কার্যালয়ের খাঁচায় রাখা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭২২ঘ.
bdnews24