চাঁদপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলায় দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে গুলি করেছে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মোস্তফা পাটওয়ারী (৪৫)। হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামের মৃত গণি পাটওয়ারীর ছেলে মোস্তফা ঢাকার মিরপুরের ব্যবসায়ী। ঈদ করতে তিনি কিছুদিন আগে বাড়ি আসেন।
বৃহস্পতিবার রাতে রাস্তায় দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলগী বাজার থেকে বাড়ির দিকে রওয়ানা হন মোস্তফা। পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলি তার বুকে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত মোস্তফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। মোস্তফার আত্মীয়রা জানান, চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতেই পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখান থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ সেখানে অবস্থান করছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে।"
গুলিটি কোন ধরনের অস্ত্র থেকে ছোড়া হয়েছে সে সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।
আহত মোস্তফা পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তায় দুই মটরসাইকেল আরোহী হঠাৎ মটরসাইকেল থামিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারা হেলমেট পড়া থাকায় তিনি তাদের চিনতে পারেননি। কে বা কারা কি উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তা তিনি বুঝতে পারছেন না।
মোস্তফার স্ত্রী শাহিদা বেগম জানান, তার ননদের ছেলে পরানের সাথে পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন ধরে মোস্তফার বিরোধ চলছিল। আর একে কেন্দ্র করে মোবাইলে হুমকিও দেওয়া হয়। এই বিরোধের জের ধরে পরান এই ঘটনা ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪১ ঘ.
bdnews24