গাজীপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দমকল বাহিনীর গাড়ি ভাংচুরের অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় বাস চাপায় দুই কলেজ ছাত্র নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধরা দুর্ঘটনার জন্য দায়ী যাত্রীবাহী বাসটিতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে আগুন নেভানোর জন্য গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গেলে তারা তাদের বাধা দেয় এবং কয়েকজন যুবক ইট-পাটকেল ছুড়ে দমকলের একটি গাড়ির সামনের কাচ (উইন্ড শিল্ড গ্লাস) ভেঙে দেয়।
শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভুইয়া জানান, এ ঘটনায় গাজীপুর দমকল বাহিনীর জেষ্ঠ্য কর্মকর্তা আবু জাফর আহমেদ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন আইন-২০০৩ এর ১৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন। তবে বাস পোড়ানো ও ভাংচুরের ঘটনায় কোনো মামলা হয়নি।
ওদিকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে ত্রি-পক্ষীয় এক বৈঠকে পরিবহন সমিতি নিহত ছাত্রদের পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের সমঝোতা ও মামলা না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ মো. সামসুদ্দিন সরকার।
ওসি নাজমুল আরো জানান, মটর সাইকেলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমিনুল ইসলাম (২৬) ও শ্রীপুরের ধলাদিয়া কলেজের ছাত্র খোকন খান (২৪) তাদের আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে রাজাবাড়ি এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস তাদের মটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
আমিনুল রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আকবর আলীর এবং খোকন আসলাম আলী ফকিরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪০ ঘ.
bdnews24