ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে রাশিয়ায় সেন্ট পিটার্সবুর্গ স্টেট ইউনিভার্সিটি।
করতালিমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়টির রেক্টর নিকোলাই এম ক্রোপাচেভের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ডিগ্রিকে বাংলাদেশ ও দেশের ১৬ কোটি জনগণের জন্য এক বিরল সম্মান হিসেবে বর্ণনা করেন। এ কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
শেখ হাসিনা বলেন, "এ ডিগ্রি দেশ ও জনগণকে সেবা দিতে আমার দৃঢ়তা ও সংকল্পকেই আরো জোরদার করবে। যেভাবে আমার বাবাও দেশ এবং জনগণের সেবা করেছিলেন। এ দিনটির কথা আমি কৃতজ্ঞতার সঙ্গে সারাজীবন স্মরণে রাখবো।"
নিকোলাই এম ক্রোপাচেভের বলেন, "আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনক এ ডক্টরেট ডিগ্রী দিয়ে ইউনিভার্সিটি গর্ব বোধ করছে।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ডিন, ফ্যাকাল্টি মেম্বার ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
অনুষ্ঠানে ভাষণে শেখ হাসিনা বাংলা ভাষায় পাঠদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। তিনি এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ তার সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
শিক্ষাখাতে লিঙ্গ সমতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। সরকার ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করার পরিকল্পনা করছে।"
শেখ হাসিনা জানান, তিনি ছাড়াও বিরোধীদলীয় নেত্রী, সংসদ উপনেতা, একজন হুইপ, পাঁচজন মন্ত্রী, সরাসরি নির্বাচিত ১৯ জন সংসদ সদস্য, সংরক্ষিত আসনের ৪৫ জন সংসদ সদস্য ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের শতকরা ৩০ ভাগ মহিলা।
তিনি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ এবং সব ধরনের জঙ্গিবাদ নির্মূলে সবার সহযোগিতা চান।
প্রধানমন্ত্রী বলেন, "গ্রহণযোগ্য নির্বাচন ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার পর দেশের জনগণ যেন নতুন জীবন লাভ করেছে।"
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২১৩ ঘ.
bdnews24