ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সংগ্রহ করলে চালের দাম বেড়ে যেতে পারে- এ আশঙ্কায় এবার আমন ধান সংগ্রহ করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
"এ মুহূর্তে সরকার ধান-চাল কিনতে গেলে দাম আরো বেড়ে যাবে," উল্লেখ করে সোমবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সরকার আমন সংগ্রহে না গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, "চালের দাম খুব কমে গেলে আবারো বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য, পরিকল্পনা, পরিধারণ ও মনিটরিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী রাজ্জাক।
রাজ্জাক বলেন, "এবার আমন সংগ্রহ করা হবে না। কারণ বর্তমানে সরকারের সংগ্রহে আট লাখ টন (২ লাখ টন গম ও ৬ লাখ টন চাল) খাদ্যশস্য রয়েছে। এছাড়া আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমদানি করা আরো আট লাখ টন খাদ্যশস্য দেশে পৌঁছাবে।"
খাদ্যমন্ত্রী বলেন, এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি ৩৫ লাখ টন। আমনের উৎপাদন খরচ ধানের ক্ষেত্রে ১৫ টাকা এবং চালের ক্ষেত্রে ২১.৪২ পয়সা।
তিনি জানান, বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করায় মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি গুদাম খালি হলে আরো খাদ্যশস্য আমদানি করা হবে।
সরকারি গুদামে প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য ধারণ ক্ষমতা রয়েছে জানিয়ে তিনি বলেন, আমদানি করা চালের দাম ৩২ থেকে ৩৩ টাকা এবং গমের দাম ২৩ থেকে ২৪ টাকা পড়ছে।
আব্দুর রাজ্জাক বলেন, বাজারে চালের দাম যেন বেড়ে না যায় সেজন্য খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) করা হচ্ছে। এছাড়া মঙ্গা এলাকায় বিশেষ ভিজিএফ, ওএমএস ও রেশনিং দেওয়া হয়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বানিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানসহ সচিব পর্যায়ের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/পিডি/১৯৪৫ ঘ.
bdnews24