২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে এসিড মামলায় মৃত্যুদণ্ড

এসিড নিক্ষেপের মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 11:30 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসিড নিক্ষেপের মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের আরশাদ আলীর ছেলে আকতারুল ইসলাম ওরফে টানু (২৭)। রায়ের সময় টানু আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের তোকিয়ারা খাতুনকে (২০) একই এলাকার আকতারুল ইসলাম ওরফে টানু প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে টানু বাড়িতে ঢুকে তোকিয়ারকে ধর্ষণের চেষ্টা করেন। তখন প্রতিবেশিরা তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা সালিশী বৈঠকে টানুকে ১২ হাজার টাকা জরিমানা করে। এই ঘটনার সাত মাস পর ১৯৯৮ সালের ১৬ ফেব্র"য়ারি সন্ধ্যা ৭টায় তোকিয়ারকে এসিড মারেন টানু। এতে তার পুরো শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তোকিয়ারকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ওইদিন রাতেই তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১০ মাস পর ১৯৯৮ সালের ৮ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তোকিয়ার। এ ঘটনায় তোকিয়ারার বোন সুফিয়ারা বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে টানুর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি এম এ কাফী ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর টানুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.