ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যাচার বাদ দিয়ে রাজনৈতিক পরিস্থিতি রাজনীতি দিয়ে মোকাবেলা করার জন্য বিরোধীদলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি বিরোধীদলের নেতাদের প্রতি এ আহ্বান জানান।
বিএনপি মিথ্যার বেসাতি চালাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "একটি অভ্যাস বিএনপি এখনো পরিবর্তন করতে পারেনি। তা হলো মিথ্যাচারের অভ্যাস।"
প্রধান বিচারপতির বাসবভনে বোমা বিস্ফোরণ সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্যের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "খোন্দকার দেলোয়ার বলেছেন বোমা বিস্ফোরণের পরপরই স্বারষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। সরকার নিজেরা ঘটনা ঘটিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছেছেন বলে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। এছাড়া দেলোয়ার বলেন রাত ৯টায় মামলা হয়েছে।"
সাহারা খাতুন বলেন, "প্রকৃতপক্ষে ঘটনার পর রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। বিভিন্ন পত্র পত্রিকায়ও সে সময়ের উল্লেখ করা হয়েছে। আর মামলা হয়েছে রাত সাড়ে ১২টায়। মামলা রাত ৯টায় হয়েছে বলে বিএনপি যে কপি দেখাচ্ছে তা মূলত জিডি নয়, প্রিডি (নম্বর-১১৯৬ যা ঘটনাস্থলে যাবার সময় অফিসার একটি কপি লিখে যান)।"
ঘটনা না জেনে এ ধরণের মিথ্যাচার না করার জন্য মন্ত্রী বিএনপি নেতাদের প্রতি আহ্বান ও অনুরোধ জানান। সত্য বললে অবশ্যই তা মেনে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
বিরোধীদল সরকার পতনের জন্য বড় ধরনের আন্দোলনে গেলে কি পদক্ষেপ নেয়া হবে- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "অপেক্ষা করুন এবং দেখুন, জনগনের স্বার্থবিরোধী কিছু হলে জনগনই তার উত্তর দেবে।"
সরকার পতনের কর্মসূচি দিলে তা গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করা হবে বলে জানান মন্ত্রী।
প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলার ব্যাপারে ৫ জন বিএনপি নেতাকে জড়ানোর ব্যাপারে তিনি বলেন, "পুলিশ তদন্ত করছে আর তদন্তের স্বার্থেই পুলিশ তাদের নাম দিয়েছে। সরকারের তরফ থেকে কোন মামলা করা হয়নি, মামলা করেছে পুলিশ। তদন্ত শেষেই সব কিছু বোঝা যাবে প্রকৃত ঘটনাটা কি।"
তারেক জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "একটি পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে, তারেক জিয়া বলেছেন সেনানিবাসের বাড়ি নিয়ে আদালতে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল। এছাড়া ব্যারিষ্টার নাজমুল হুদাও একই কথা বলেছেন।"
বিএনপি ভুল সিদ্ধান্ত নিয়ে সরকারের ওপর দোষারোপ করবে তা ঠিক নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৩৪৮ ঘ.
bdnews24