কুমিল্লা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বিডিআরের এক নায়েকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার সাতগড়িয়া সোমবার ভোররাতের এ দুর্ঘটনায় আহত হয় বাসটির আরো ২০ যাত্রী। নিহতদের মধ্যে বাসটির চালক এবং সহকারীও রয়েছেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা সুপার সার্ভিসের বাসটি বাগেরহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।
তিনি বলেন, "বাসটি ভোররাত সাড়ে ৪টার দিকে সাতগড়িয়া পৌঁছলে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
"এতে ঘটনাস্থলে বিডিআরের নায়েক সহিদ, বাসের চালক আবু সাঈদ ও হেলপার জুয়েলের মৃত্যু হয়।"
পুলিশ কর্মকর্তা রুহুল জানান, নিহত বিডিআরের নায়েক সহিদের বাড়ি বাগেরহাটে। অন্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহতদের কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩১৯ ঘ.
bdnews24