২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানে হেলে পড়া ভবন আবার ভাঙা শুরু

রাজধানীর কাঠালবাগান এলাকায় হেলে পড়া ভবনটি ভাঙার কাজ পাঁচদিন বিরতির পর আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 10:28 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঠালবাগান এলাকায় হেলে পড়া ভবনটি ভাঙার কাজ পাঁচদিন বিরতির পর আবার শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভাঙার কাজ শুরু হয়। তবে মাত্র দশজন শ্রমিক ভাঙার কাজে নিয়োজিত করা হয়। ভাঙার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের আমেজ এখনও কাটেনি। তাই শ্রমিক সংখ্যা কম।" তিনি আরো বলেন, "আমাদের সাথে চুক্তি হয়েছে এক মাসের মধ্যে ভাঙার কাজ শেষ করতে হবে।" তবে পাশের বহুতল ভবনের ডি-৩ ফ্ল্যাটের বাসিন্দা ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটি খুব ধীরগতিতে ভাঙা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, "তারা এমনভাবে ভাঙছে যেন ইট ও টাইলস না ভেঙ্গে যায় এবং সেগুলো আবার কাজে লাগানো যায়।" ১১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল পরীক্ষামূলকভাবে ভবনটির ছাদের কিছু অংশ ভাঙেন। বিশেষজ্ঞ দলের সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটির ছাদের কিছু অংশ ভাঙা শুরু হয়েছে। ছাদের কিছু অংশ ভাঙার মাধ্যমে কম্পন পরীক্ষা করা হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ভবনটি পুরোদমে ভাঙা শুরু হলে সৃষ্ট কম্পনে এটি ধ্বসে পড়বে কি-না তা পরীক্ষা করে দেখা হয়েছে। ভবনটি ধ্বসে পড়বে না বলে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন। আটজন শ্রমিক ওইদিন বিকেলে প্রথমবারের মতো ভবনটিতে প্রবেশ করে। পাচঁদিন কাজ করার পর ঈদুল আজহার কারণে ভাঙার কাজ বন্ধ রাখা হয় বলে জানান ইমাম নামে প্রতিষ্ঠানটির আরেক প্রতিনিধি। এ পর্যন্ত উপরের পানির ট্যাঙ্ক ভাঙা হয়েছে। এখন ছাদ ভাঙা হচ্ছে বলে তিনি জানান। ছাদের ভাঙ্গা জঞ্জাল লিফটের সুরঙ্গ দিয়ে নিচে ফেলা হচ্ছে। সেখান থেকে ট্রলি দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ৭ নভেম্বর রোববার রাত সোয়া ১১টার দিকে 'এশিয়া হায়দার টাওয়ার' নামে নির্মাণাধীন ছয়তলা ভবনটির পিলার ভেঙ্গে নিচের তলা দেবে যায়। এর পাশে পূর্বদিকের ১৬-তলা ভবন নাসির টাওয়ারও সামান্য হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পার্শ্ববর্তী অন্যান্য ভবনের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আত্বীয়-স্বজনদের বাসায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৬২৩ ঘ.