২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লটারির ডিম নিয়ে দুই কিশোরের ঝগড়া থেকে দু'গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লটারির ডিম নিয়ে দুই কিশোরের ঝগড়া থেকে দু'গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। সংঘর্ষে আহতের সংখ্যা কমপক্ষে অর্ধশত, একজনের হাতের কব্জিও কেটে ফেলা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার কালাপাহাড়িয়ায় ইউনিয়নের হাজীরটেক ও কালাপাহাড়িয়া গ্রামের কয়েকশ লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয়পক্ষ টেঁটা, জুঁইত্যা, দা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে হামলা চালায়। দুপুর ৩টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সময় হাজীরটেক গ্রামের লোকজন কালাপাহাড়িয়া এলাকার ১০-১২টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে অবস্থা শান্ত হয়ে আসে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশত।" নিহত জয়নাল মিয়া (৫০) কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যে হাজীরটেক গ্রামের আফতাবউদ্দিনের ছেলে সাইদুলের ডান হাতের কব্জি কেটে ফেলা হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া টেঁটাবিদ্ধ অবস্থায় হাজীরটেক গ্রামের হাশেম, আব্দুল আলী, শাহীন এবং কালাপাহাড়িয়া গ্রামের রূপ মিয়া ও ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন বাজারে ঈমান ফকিরের মেলায় এক কিশোরকে লটারি খেলার ডিম না দেওয়ায় এ সংঘর্ষ বাধে।" তিনি জানান, মেলায় দুই টাকা দিয়ে লটারি খেলায় ওই কিশোর একটি ডিম জিতে। তাকে ডিম না দেওয়ায় হাজীরটেক ও কালাপাহাড়িয়া গ্রামের দুই কিশোরের মধ্যে ঝগড়া হয়। তা পরে দুই গ্রামের সংঘাতে রূপ নেয়। এলাকাবাসী জানায়, কালাপাহাড়িয়া গ্রামের নতুন বাজারে ঈমান ফকিরের বাৎসরিক উরস উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ১০-১২ বছরের কিশোররা লটারির আয়োজন করে। ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/২০৪৪ ঘ.