ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বজনদের সান্নিধ্যে ঈদ করে পুনরায় ঢাকা ফিরতে শুরু করেছে নগরবাসী। ঢাকার বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনের ভিড় সে কথাই বলছে।
ঈদে তিন দিনের ছুটির সঙ্গে যোগ হয়েছিলো শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। রোববার থেকে খুলবে সরকারি সব অফিস-আদালত। তাই বাড়ি যাওয়া অধিকাংশ কর্মজীবী ফিরেছেন শনিবারই।
ভোর থেকেই রাজধানীর গাবতলী, সায়েদবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও সদরঘাটে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের ভিড়।
তবে যানবাহন কম থাকায় দুর্ভোগের কথাও জানালেন অনেকে। কয়েকগুণ বেশি ভাড়া গুণেও গন্তব্য পৌঁছতে হচ্ছে নানা বিড়ম্বনার অভিযোগও শোনা গেলো।
অনেকে বলছেন, ঢাকা ছেড়ে যাওয়ার ভোগান্তি চরম হলেও ফিরে আসছেন অনেকটা আরামেই।
গাবতলী বাস টার্মিনালে পঞ্চগড় থেকে আসা মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "ফেরার কথা ছিলো রোববার সকালে, কিন্তু হরতাল হতে পারে শুনে একদিন আগেই চলে এসেছি।"
সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের ফিরতি লঞ্চগুলোতে ছিলো না তিল ধারণের ঠাঁই। দক্ষিণাঞ্চলের মানুষ সাধারণত ফেরেন লঞ্চে।
ঢাকা-পটুয়াখালী রুটের সুন্দরবন-৬ লঞ্চের টিকেট চেকার রহিম মিয়া জানান, এ পথে কয়েক লাখ লোক ঢাকায় ফেরত আসবে, তাই আগামী কয়েক দিন এমন চাপ থাকবে।
তবে ঢাকায় ফিরতি এসব মানুষের প্রধান অভিযোগ, বাস টার্মিনালে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো ট্যাক্সি ক্যাব বা সিএনজি অটো রিকশা পাওয়া যাচ্ছে না।
শ্যামলী এলাকায় রাজশাহী থেকে আসা মনজুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "ট্যাক্সি ক্যাব কিংবা একটি অটোরিকশার জন্য পরিবার পরিজন নিয়ে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কিছু পাইনি।"
অটোরিকশা বা ট্যাক্সি চালকরা কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছে বলেও অভিযোগ করেন ঢাকায় ফিরতি মানুষজনেরা।
কল্যাণপুর বাস কাউন্টারের সামনে সিদ্দিক মিয়া নামে এক অটোরিকশা চালক বলেন, "ঈদের আনন্দ বাদ দিয়ে কাজ করছি, তাই বখশিস হিসেবে ভাড়া কিছু বেশি চাইছি।"
ছুটিতে যানজট আর কোলাহলমুক্ত এক শান্ত নগরীতে পরিণত হয়েছিল এ ব্যস্ত রাজধানী। তবে কোলাহলে আর ব্যস্ততায় দু'একদিনের মধ্যেই ঢাকা আবারো ফিরে পাবে তার সেই পুরনো রূপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/এমআই/২০২০ ঘ.
bdnews24