ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর পিটুনিতে রিক্সাচালক স্বামী সোহরাব হোসেনের (৪০) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীকে আটক করা হয়েছে।
তবে নিহতের দুই সন্তান বলছেন, দেওয়ালে মাথা ঠুকে জ্ঞান হারান তাদের মাদকসেবী বাবা।
শনিবার দুপুরে পল্লবীর ১২ নম্বর সেকশনের বি ব্লকের ২৩ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় সোহরাবের স্ত্রী সাহেরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোহরাবের দুই মেয়ে জাকিয়া (১৫) ও আয়েশা (১৩) সাংবাদিকদের জানান, তার বাবা নিয়মিত মাদক সেবন করতেন ও জুয়া খেলতেন। শনিবার দুপুরে তাদের বাবা জুয়া খেলার জন্য তার মায়ের কাছে টাকা চান।
কিন্তু তাদের মা টাকা দিতে না চাইলে দু'জনের মধ্যে কথা কাটাকাটির পর হাতাহাতি হয়। পরে তারা দুই বোন এবং তাদের মা মিলে সোহরাবকে জোর করে বাসা থেকে বের করে দেয়।
তাদের বাবা বাসার বাইরে গিয়ে দেওয়ালে মাথা ঠুকে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন।
ওসি জানান, দুপুর ১টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এক পর্যায়ে সোহরাব জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমইউএস/পিডি/১৭৫৬ ঘ.
bdnews24