২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় দুজনের মৃত্যুর পর মাদারীপুরে অবরোধ

বাসচাপায় দুজনের মৃত্যুর পর স্থানীয়দের অবরোধের কারণে ঢাকা-বরিশাল সড়কে শনিবার গাড়ি চলাচল দু'ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় দুজনের মৃত্যুর পর স্থানীয়দের অবরোধের কারণে ঢাকা-বরিশাল সড়কে শনিবার গাড়ি চলাচল দু'ঘণ্টা বন্ধ ছিলো। অন্যদিকে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে মাদারীপুর স্পিনিং মিলের সামনে দুর্ঘটনায় নিহত হন দুজন। নিহতরা একটি রিকশা ভ্যানে ছিলেন। যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর জনতা বাসটি পুড়িয়ে দেয় এবং ঢাকা-বরিশাল সড়ক অবরোধ করে। নিহতরা হলেন- মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামের ওসমান কাজীর ছেলে ভ্যানচালক দুলাল কাজী (৩২) ও আমবাড়ী গ্রামের বাদল শিকদারের ছেলে শাওন শিকদার (৮)। দুর্ঘটনায় ভ্যান আরোহী খাগদহ গ্রামের রহম ফরাজীর মেয়ে সাবিনা ইয়াসমিন (১৭), হুগলী গ্রামের বাশার প্রামাণিক ছেলে টিটু প্রামানিক (১৭), দক্ষিণ খাগছাড়া গ্রামের কাজী হাসান টিটুর ছেলে সাঈফ কাজী (৫) ও তার স্ত্রী খালেদা বেগম আহত হন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার সাংবাদিকদের বলেন, বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালক দুলাল ও আরোহী শাওন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের অবরোধের কারণে গাড়ি চলাচল কিছু সময় বন্ধ থাবলেও দুপুর ১টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান। জনতা বাসটি পুড়িয়ে দিলেও বাসচালক পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা কাইয়ুম জানান। নওগাঁ প্রতিনিধি জানান, মহাদেবপুর উপজেলার খেড়াতলী এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে সকাল ৮টার দিকে মটর সাইকেল উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফারুক হোসেন (২৮) বদলগাছী উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম সাংবাদিকদের বলেন, ফারুক তার বাড়ি থেকে শ্বশুরবাড়ি মান্দা উপজেলার রামপুর গ্রামে যাচ্ছিলেন। খোড়াতলীতে এক পথচারীকে বাঁচাতে গিয়ে তার মটর সাইকেলটি উল্টে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.