২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

মুন্সীগঞ্জে দুর্ঘটনার পর একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে তিন শিশুসহ চারজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 08:36 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে দুর্ঘটনার পর একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে তিন শিশুসহ চারজন। শনিবার দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার বলুয়াকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের সিএনজি স্টেশন শেরআলী'র সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- নাহিদা (৮), জুয়েল (১০), মেহেদী (১০) ও ফুল মিয়া (৫৫)। তারা সবাই এক পরিবারের সদস্য। ফুল মিয়ার মেয়ে হচ্ছে নাহিদা, অন্য দুই শিশু তার ভাস্তে। জুয়েলের বাবা রফিক মিয়া এবং মেহেদীর বাবা অহিদ মিয়া। পুলিশ জানিয়েছে, ছোট ভাই সৌদি প্রবাসী আব্দুল হান্নানকে আনতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাসগাড়ি গ্রামের ফুল মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিলেন। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সিএনজি স্টেশনে গ্যাস নিয়ে মাইক্রোবাসটি বের হওয়ার সময় রোড ডিভাইডারের সঙ্গে এর ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।" গজারিয়া থানার ওসি আরজু মিয়া বলেন, গাড়িটিতে চালকসহ ১২ জন আরোহী ছিলেন। অন্যরা লাফিয়ে নামতে পারলেও চার জন বের হতে পারেনি। তারা পুড়ে মারা যায়। লাশগুলো মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। বিদেশ থেকে ফিরে সেখানে ছুটে যান হান্নান। ভাই, ভাস্তে ও ভাস্তির লাশ দেখে বারবার মূর্চ্ছা যাচ্ছিলেন তিনি। সন্ধ্যায় মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.