গাজীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- সুরুজ বাগমার (৫২)। তিনি একই উপজেলার মাজুখান কৌচান গ্রামের সা'দত আলী বাগমারের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে বিরোধপূর্ণ জমিতে সুরুজ বাগমার ট্রাক্টর নিয়ে চাষাবাদ শুরু করেন।
খবর পেয়ে তার চাচাতো ভাই বুরুজ বাগমার ও তার সঙ্গীরা গিয়ে জমি চাষে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বুরুজ ও তার সঙ্গীরা ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় এবং সুরুজকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
ঘটনাস্থলেই সুরুজের মৃত্যু হয়।
স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হন দেলোয়ারা বেগম (৪১)।
ওসি জানান, হতাহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০১ ঘ.
bdnews24