মৌলভীবাজার, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূজামণ্ডপ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে ১১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
বুধবার রাতে উপজেলার তিলকপুর গ্রামে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রামবাসী এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।
আটক আছকর মিয়ার (২২) বাড়ি একই গ্রামে।
কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দীন জানান, জমি নিয়ে বিরোধের জেরে ঈদুল আজহার রাতে সাড়ে ১২টার দিকে আলীনগর ইউনিয়নের মণিপুরী জাতিগোষ্ঠী অধ্যুষিত তিলকপুর গ্রামে দুর্বৃত্তরা চাকুরীজীবি সার্বজনীন দুর্গা পূজামণ্ডপের গ্রিল ও দেয়াল ভাঙচুর করে।
মণ্ডপ কমিটির সভাপতি স্বপন কুমার সিংহ জানান, মণ্ডপের জমি নিয়ে কয়েকবছর থেকে গ্রামের নবারুণ সংঘের কমিটিসহ কয়েক ব্যক্তির সঙ্গে বিরোধ চলে আসছিলো।
তিনি জানান, ঘটনাস্থল থেকে গ্রামবাসী আছকরকে আটক করে।
খবর পেয়ে গভীর রাতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী ও কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ থানায় আটক আছকর মিয়া দাবি করেন, ভাংচুরের সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
তিনি দাবি করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রূপেন্দ্র কুমার সিংহ, নরেন্দ্র কুমার সিংহ ও রাজেন্দ্র কুমার সিংহের উপস্থিতিতেই তাদের লোকজন মণ্ডপের গ্রিল, সীমানা দেয়াল ভাংচুর করতে তিনি দেখেছেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য রূপেন্দ্র কুমার সিংহের উল্টো অভিযোগ, "নবারুণ সংঘের কার্যালয় ভাংচুর করেছে পূজামণ্ডপ কমিটির লোকজন।"
কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে ওপর থেকে প্রচণ্ড চাপ এসেছে। এ ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দীন জানান, পূজামণ্ডপ কমিটির সভাপতি আটক আছকর মিয়াসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৩ ঘ.
bdnews24