ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার ও সাতক্ষীরায় বুধবার দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহে নিখোঁজ হওয়ার দুদিন পর বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে এক শিশুর লাশ।
এছাড়া ঝিনাইদহে হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
সাভার: আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে সেনাবাহিনীর চাঁদমারীর পাশের একটি ঝোপের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্যে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান সাংবাদিকদের জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে বুধবার মধ্যরাতে গাজিরচট এলাকার ওই ঝোপের ভেতর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা তরুণীটির লাশ উদ্ধার করা হয়।
এসআই জানান, তরুণীর হাত দুটি পিঠমোড়া করে ও পা বাধা অবস্থায় ছিলো। তার পরণে সেলোয়ার-কামিজ ছিলো। লাশটি ৫/৬ দিন আগের তাই পচে-গলে গেছে।
পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তরুণীটিকে হত্যার পর ঝোপের ভেতর লাশ ফেলে গেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
সাতক্ষীরা: বুধবার সন্ধ্যায় সদর উপজেলার লাবশা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, ঈদের দিন বিকালে শহরের লাবশা গ্রামের আব্দুর রহিমের বাড়ির পিছনের পুকুরে স্থানীয়রা একটি লাশ ভেসে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ওই পুকুর থেকে ধূতি পরা সত্তরোর্ধ্ব এই ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আসাদ বলেন, তারা ধারণা করছেন ওই পথ দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে প্রতিবেশীদের মারধরে আহত আব্দুল কুদ্দুস (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা গেছেন।
শৈলকুপা থানার ওসি মো. আনোয়ার হেসেন জানান, নিহত আব্দুল কুদ্দুস পেশা ছিলো পাওয়ার টিলার দিয়ে অপরের জমিতে সেচ দেওয়া।
সোমবার সন্ধ্যায় প্রতিবেশী মানিক, ছোট্টা ও ইসলামের সঙ্গে সেচ দেওয়া নিয়ে ঝগড়া হয় কুদ্দুসের। এক পর্যায়ে তারা কুদ্দুসকে মারধর করে।
ওসি জানান, নিহতের ভাই ইদ্রিস আলি বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা করেছেন।
এদিকে নিখোঁজ হওয়ার দু'দিন পর পুলিশ ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার একটি ডোবা থেকে বিপ্লব কুমার সেন (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে।
তার বাবার নাম স্বপন কুমার সেন।
ঝিনাইদহ সদর থানার কর্তব্যরত কর্মকর্তা ফিরোজা কুলসুম জানান, মঙ্গলবার বিকেলে বিপ্লব খেলা করতে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবার ওইদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের বাসা থেকে কিছুটা দূরে ব্যাপারিপাড়ার বৈশাখী বিউটি পার্লারের পাশের একটি ডোবায় লাশ ভেসে উঠে।
পুলিশ শিশুটির মৃত্যুর কারণ জানাতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪৪১ ঘ.
bdnews24