ঢাকা, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকসেবীদের হামলায় রাজধানীর উত্তর বাসাবোতে শিল্প ব্যাংকের সাবেক এক কর্মকর্তা মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মাহফুজুল হক খান (৭৩)। তিনি বাংলাদেশ শিল্প ব্যাংকের ডিজিএম হিসেবে অবসরে যান বলে তার পরিবার জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাত ১০টার দিকে মাহফুজুল হকের বাসার (৩৫/ডি, উত্তর বাসাবো) সামনে কয়েকজন যুবক মাদক সেবন করে আড্ডা দিচ্ছিলো।
"এ সময় তিনি মাদকসেবীদের বাসার সামনে থেকে সরে যেতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মাহফুজুলকে মারধোর করে মাদকসেবীরা। তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।"
তিনি জানান, এ সময় বাবাকে বাঁচাতে আসলে ছেলে রিয়াজুল হক খান মাদকসেবীদের আক্রোশের শিকার হন।
এসআই পলাশ বলেন, "পরিবারের সদস্য ও স্থানীয়রা মাহফুজুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"
তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে রিয়াজুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিরণ, আরিফ, রনি, মিলন, কামরুলসহ ১৫ জনের একটি দল তাদের বাসার সামনে মাদক সেবন করে অশ্লীল ভাষায় আড্ডা দিচ্ছিলো। এ নিয়ে তার বাবা তাদের বাধা দিলে তারা তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, "বাবাকে আহত অবস্থায় বাসার ভেতর নেওয়ার পর আমরা পুলিশকে খবর দেই। তারপর তারা দরজা ভেঙে বাসার ভেতরে ঢোকে। প্রায় ৩০ জনের একটি দল এ সময় আমাদের পরিবারের অন্য সদস্যদেরও মারধোর করে।"
এ সময় এলাকাবাসী নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে জানান রিয়াজুল হক।
তিনি বলেন, "বাবাকে হাসপাতালে নেওয়ার সময় সন্ত্রাসীরা প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। তখনও পুলিশ আসেনি। পরে তাদের হাত-পা ধরে বাবাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে রাত দেড়টায় চিকিৎসকরা বাবাকে মৃত ঘোষণা করেন।"
রিয়াজুল হক জানান, তার বাবা বাংলাদেশ শিল্প ব্যাংকের ডিজিএম হিসেবে অবসর গ্রহণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, হিরণ ও তার সহযোগীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা নানা ধরনের অপকর্ম ও মাদক সেবন করে থাকে। তাই তাদের ব্যাপারে কেউ থানায় অভিযোগ করতে যায় না।
সবুজবাগ থানার এসআই নওশের হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১২২২ ঘ.
bdnews24