২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চড়া দামে চামড়া কেনার অভিযোগ

খুচরা ব্যবসায়ীরা রাজধানীতে চড়া দামে চামড়া কিনছেন বলে অভিযোগ করেছেন চামড়ার ব্যবসা সংশ্লিষ্ট তিনটি সংগঠনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুচরা ব্যবসায়ীরা রাজধানীতে চড়া দামে চামড়া কিনছেন বলে অভিযোগ করেছেন চামড়ার ব্যবসা সংশ্লিষ্ট তিনটি সংগঠনের নেতারা। এই সংগঠন তিনটি যৌথ ভাবে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ঈদে চামড়ার একটি মূল্য তালিকা প্রকাশ করে। সংগঠনের নেতারা অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এই তালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কেনা হচ্ছে। এতে খুচরা ব্যবসায়ীদেরকেই লোকসান গুনতে হবে। বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মৌসুমী ব্যবসায়ীদের উপর নির্ভরশীল নই। আমাদের ব্যবসা নির্ভর করছে ঢাকার বাইরের আড়তদারদের চামড়া ক্রয়ের উপর।" তিনি আরো বলেন, "মোট চাহিদার ২০ শতাংশ চামড়া পাওয়া যায় ঢাকায়। বাকি চামড়া আসে ঢাকার বাইরে থেকে। তিনি দাবি করেন, তার কাছে খবর রয়েছে যে, বাইরের আড়তদাররা তাদের নির্ধারণ করা মূল্যেই চামড়া ক্রয় করছেন। লালবাগ পোস্তার পাইকারি চামড়া ব্যবসায়ী হাজি মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছু মৌসুমী ব্যবসায়ী প্রতিযোগিতা করে পাড়া ও মহল্লা থেকে চড়া মূল্যে আটটি দশটি করে চামড়া ক্রয় করছে। তিনি বলেন, "এ ক্ষেত্রে তাদের লোকসান দেওয়া ছাড়া আর কোন পথ খোলা নাই।" কেরানীগঞ্জের চামড়া ব্যবসায়ী সেলিম, আনছার উদ্দিন, মোহর আলী, কামরাঙ্গীরচরের টিটু, শহীদনগরে মুহিত, ইসলামবাগে আলী আকবর ও কাজি রিয়াজ উদ্দিন রোডের দীন ইসলাম জানান, তারা মৌসুমী চামড়ার ব্যবসায়ী। সেলিম মূলত জমির দালাল। আনছার উদ্দিন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। মোহর আলী পলিথিন ব্যবসায়ী, টিটু স্থানীয় রাজনৈতিক নেতা, মুহিত চকবাজারের দোকানের কর্মচারী। অবশ্য আলী আকবর ও দীন ইসলাম নিজেদেরকে চামড়া ব্যবসায়ী বলে দাবি করেন। তারা জানান, তিন সংগঠনের প্রকাশ করা মূল্য তালিকার চেয়ে বেশী দামে তারা চামড়া ক্রয় করছেন। সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বিভিন্ন মহল্লা ঘুরে ৪০টি চামড়া কিনেছেন। প্রতিটি চামড়ার গড় ক্রয় মূল্য ১৭শ টাকা। প্রকাশিত ওই তালিকায় সর্বোচ্চ ক্রয়মূল্য ১৩শ টাকা ধরা হলেও আপনি বেশি দামে কিনছেন কেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই দামে কেউ চামড়া দিতে রাজি হননি। তাছাড়া অন্য পাইকাররা আমাদের সামনে বেশি দাম দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাই বেশি দামে না কিনে পারি নাই।" দীন ইসলাম জিনজিরা বাজার থেকে ৮টি চামড়া ক্রয় করেছেন। প্রতিটির দাম পড়েছে তিন হাজার টাকা করে। প্রকাশিত মূল্য তালিকা বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনিও বলেন, "এই দামে কেউ চামড়া দিতে চায়নি।" এদিকে বিকাল ৫টার দিকে লালবাগ পোস্তা এলাকায় গেলে দেখা যায় রাস্তার পাশে চামড়ার মেলা। নারায়নগঞ্জের হাজিগঞ্জ জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্র দুটি ট্রাকে করে চামড়া এনেছেন পোস্তায়। সাইফুল নামে এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পথে চামড়া আনতে কোন অসুবিধা হয়নি। তাছাড়া কেউ চাঁদাও চায়নি। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কালা চাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক পুলিশ মোতায়েন আছে। কোন অসুবিধা হবেনা। সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে ফোর সিজনস চাইনিজ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ঈদে চামড়া ক্রয়ের একটি মূল্য তালিকা প্রকাশ করে দেশের চামড়া শিল্পের তিনটি সংগঠন। সংগঠন তিনটি হল বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশন। এতে বলা হয়, তিনটি সংগঠন ঐক্যমত পোষন করে ঢাকার জন্য প্রতি বর্গফুট গরুর চামড়ার ক্রয়মূল্য ৫৫ থেকে ৬০টাকা, ঢাকার বাইরের জন্য ৪৫ থেকে ৫০ টাকা, সারাদেশের জন্য বকরির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা এবং খাসির চামড়ার ক্রয়মূল্য ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করেছে। বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় আকারের একটি গরু ২৩ থেকে ২৫ বর্গ ফুট হয়ে থাকে আর বকরি বা খাসি সাড়ে তিন বর্গফুট হয়ে থাকে। ফলে বড় আকারের গরুর একটি চামড়ার মূল্য সাড়ে ১২শ থেকে ১৩শ টাকা হবে আর বকরির চামড়ার মূল্য ৭০ থেকে ৮০ টাকা এবং খাসির চামড়ার মূল্য ৯০ থেকে ১শ টাকা হবে। তিনি আরো জানান, এই মূল্য নির্ধারনের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে। অথচ আলী আকবর নামে এক চামড়া ব্যবসায়ী বকরির চামড়া ক্রয় করছেন ১শ ৫০টাকা দরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২০৫০ ঘ.