কুমিল্লা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কালাকচুয়ায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে।
এই পাঁচ জনই মাইক্রোবাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই মারা যায়। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসের আহত যাত্রী বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাপিয়া পরিবহনের বাসটি কুমিল্লা থেকে দাউদকান্দি যাচ্ছিল। ঢাকা থেকে রামগঞ্জগামী একটি মাইক্রোবাসের সাথে কুমিল্লার কালাকচুয়ায় বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
মাইক্রোবাসের ৮ জন আরোহীর মধ্যে চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের বেশিরভাগ বাসের যাত্রী।
কুমিল্লা সেনানিবাস পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাইক্রোবাস যাত্রীরা লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর থিউরি গ্রামে যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।"
তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন হলেন মো. ইউসুফ, কলিম মিয়া ও মোস্তাফ। দুজনের নাম জানা যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪০ ঘ.
bdnews24