২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, বগুড়া, বরিশালসহ বিভিন্ন স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 05:45 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, বগুড়া, বরিশালসহ বিভিন্ন স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন মারা গেছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এর মধ্যে গাজীপুর, নরসিংদী ও ফরিদপুরে মারা গেছে তিনজন করে। বগুড়া ও বরিশালে দুজন করে নিহত হয়েছে। এছাড়া হবিগঞ্জ, চাঁদপুর, জয়পুরহাট ও মুন্সীগঞ্জে মারা গেছে একজন করে। চাঁদপুরের কুচয়া উপজেলার সাচার বাজারে দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু জের ধরে বিক্ষুব্ধরা স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলায় চালায়। এতে পুলিশসহ দুজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: কালীগঞ্জ উপজেলার মুলাইদ মাদ্রাসার সামনে সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে একটি টেম্পোর তিন যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনায় আহত হয় টেম্পোর আরো সাত যাত্রী। নিহতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাহাপুর গ্রামের অজুফা (৪৫) ও তার ছেলের বউ চায়না এবং তাদের প্রতিবেশী আবু মিয়ার ছেলে জাহান মিয়া (৩০)। আহতরা হলেন- পিয়ারা (২৫), জরিনা (৫০), পারভিন (১৫) , আছিয়া (১৬), সাহা মিয়া (৩২), পেপি (৭) ও ইয়াছমিন (৭)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘোড়াশালগামী টেম্পোটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগলে টেম্পোটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চায়না এবং কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর অন্য দুজন মারা যান। তারা টেম্পোতে করে গাজীপুর থেকে গ্রামের বাড়ি বাজিতপুরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলেও জানান ওসি আউয়াল। ফরিদপুর: ভাঙ্গা উপজেলার চুমুরদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বাসটি ঢাকা থেকে বরিশালগ যাচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত বাসচলক বাদল হাওলাদারের (৪০) বাড়ি ঝালকাঠি জেলায়। হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি দ্বীন-ই-ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরভী পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলে বাসচালক বাদল এবং অজ্ঞাতপরিচয় এক যাত্রী মারা যান। আহত অজ্ঞাতপরিচয় আরেক যাত্রীর মৃত্যু হয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়।" নরসিংদী: মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন মারা গেছে। আহত হয়েছে আরো ২০ জন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- লেগুনাযাত্রী মুজিবুর রহমান (২৩) ও আক্তার হোসেন (২৮)। তবে নিহত লেগুনাচালকের পরিচয়া জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৬ বছর। স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস শ্রীফুলিয়া এলাকার পৌঁছার পর শিবপুর থেকে ভৈরবগামী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয় বাস ও লেগুনার ২০ যাত্রী। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বাস ও লেগুনা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বগুড়া: শহরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এরা হলেন- মোমেনা খাতুন (৫০) ও মজিবর রহমান (৬০)। পুরান বগুড়ায় তাদের ছেলে ট্রাকচালক মোফাজ্জল হোসেনের সঙ্গে তারা বাস করতেন। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়। মোফাজ্জল হোসেনের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা-মা ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হন। সকাল ১০টার দিকে তারা শহরের তিনমাথা এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেখানে টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিলো। বাসটির সহকারী সেটি সরিয়ে নেওয়ার জন্য চালু করে। কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোমোনা-মজিবর দম্পতির ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসআই রাজ্জাক জানান, বাসটি পাশে দাঁড়িয়ে থাকা একটি মটর সাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার ওপর দিয়ে গিয়ে দুটি দোকান গুঁড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর চালক এসে বাসটি নিয়ে পালিয়ে যায়। বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া এলাকায় বাস ও মটরসাইকেলের সংঘর্ষে দুজন মারা গেছে। আহত হয়েছে আরো দুজন। নিহতরা হলেন- মটরসাইকেল চালক মিজানুর রহমান (৩০) ও বাসযাত্রী হাসান গাজী (২৬)। হাসান গাজীর স্ত্রী রহিমা বেগম (২৪) ও তার শ্যালক শাকিলকে (২৫) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকেরগঞ্জ থানার পরিদর্শক শওকত আনোয়ার বলেন, পটুয়াখালী থেকে বরিশালগামী একটি বাসের সঙ্গে নন্দপাড়া এলাকায় বিপরীত দিকে থেকে আসা মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক ও বাসের ওই যাত্রী মারা যান। পুলিশ কর্মকর্তা জানান, ময়না তদন্তের জন্য লাশ দুটি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। হবিগঞ্জ: সকালে সদর উপজেলার সুদিয়াখলা এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ বাসযাত্রী। নিহতরা হলেন- ট্রাকচালক আনোয়ার হোসেন (৩০)। তিনি সুদিয়াখলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি বাবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জগামী বাসের সঙ্গে সুদিয়াখলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা শায়েস্তাগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। ওসি জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁদপুর: কচুয়া উপজেলার সাচার এলাকায় মিল্কভিটার দুধবাহী গাড়ি চাপায় মারা গেছেন আব্দুল কাদের (৪০) নামে এক মাছ ব্যবসায়ী। তিনি উপজেলার রাজারামপুর এলাকার আশরাফ আলীর ছেলে। পুলিশ বলেছে, সন্ধ্যা ৬টার দিকে সাচার বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাদের দুর্ঘটনার শিকার হন। সাচার পুলিশ ফাঁড়িতে হামলায় আহত হন কনস্টেবল জহিরুল ইসলাম (৪০) ও গাড়িটির চালক আবু সাঈদ (৫০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কচুয়া থানার ওসি হারুনুর রশিদ জানান, পুলিশ গাড়ি ও এর চালক আবু সাঈদকে আটক করেছে। স্থানীয়রা জানায়, ওই সময় বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা গাড়ি চালককে কেড়ে নেওয়ার চেষ্টা করলে এই নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ীসহ স্থানীয়রা সাচার পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) প্রণব কুমার রায় জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। জয়পুরহাট: পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের হরেন্দা এলাকায় বাস-টেম্পোর সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। টেম্পোটি পাঁচিবিবি বাজারের দিকে যাচ্ছিলো। প্রত্যক্ষদর্শী ও পাঁচবিবি থানা জানায়, টেম্পোটি হরেন্দা এলাকায় পৌঁছামাত্র পাঁচবিবি থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জ মুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এনামুল হক (২৫) নামে এক যাত্রী মারা যান। তার বাড়ি পাঁচবিবির বয়ড়া গ্রামে। আহতদের প্রথমে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চারজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে বিকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন- কালাই উপজেলার বলিগ্রামের নীতিন চন্দ্র (৩৬) ও বিজয় কুমার (৩৫), পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রামের আব্দুল আলীম (৪০) ও জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের রেজাউল করিম (৩০)। পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার সাংবাদিকদের জানান, নিহত টেম্পোযাত্রীর লাশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সীগঞ্জ: দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ-মাওয়া সড়কের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় অটোরিকশা চাপায় মারা গেছে মো. রোকন (৫) নামের এক শিশু। সে কুমারভোগ গ্রামের জাহিদুর রহমানের ছেলে। মাওয়া ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, মাওয়া থেকে অটোরিকশাটি লৌহজং আসার পথে পথচারী শিশুটিকে চাপা দেয়। পুলিশ কর্মকর্তা জানান, অটোরিকশাটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/কেএমএস/এমএসবি/২৩৪০ ঘ.