২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও সাতক্ষীরায় ২ নারী খুন

চাঁদপুর ও সাতক্ষীরায় দুই নারীকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

চাঁদপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর ও সাতক্ষীরায় দুই নারীকে হত্যা করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে খুনের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সাতক্ষীরায় মঙ্গলবার সকালে পুলিশ এক নারীর লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে তাকে খুন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: সদর উপজেলার মধ্য ইচলী এলাকায় তুচ্ছ ঘটনায় হত্যা করা হয়েছে মমতাজ বেগম (৫০) নামে এক নারীকে। পুলিশ বিকালে মমতাজের জা নিলুফা বেগমকে (৪৫) আটক করেছে। এ ঘটনায় আহত হয়েছেন মমতাজের স্বামী নুরুল ইসলাম (৫৫), ছেলে ওয়াজি উল্লাহ (২০), মো. হোসেন (১৮) ও মেয়ে হারুছা (২৬)। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মমতাজের ছেলে ওয়াজি উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরুর দুধ বিক্রি নিয়ে তার চাচী নিলুফার ও তার স্বজনরা মমতাজকে মারধর করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এর সঙ্গে নিলুফা আক্তারের ছোট ছেলে সোহেল ও বড় ছেলের বউ বিলকিসও জড়িত বলে তিনি অভিযোগ করেন। ওয়াজি উল্লাহ জানান, গুরুতর আহত মমতাজকে সদর হাসপাতাল থেকে কুমিল্লা নেওয়ার পথে মারা যান। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিউটি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় পুলিশ নিলুফা আক্তারকে আটক করেছে। তার ছেলে সোহেল পলাতক রয়েছে। মমতাজের স্বামী নুরুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। থানায় আটক নিলুফা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে সোহেলের ছোড়া ইটের আঘাতে মমতাজের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা: তালা উপজেলার হরিষচন্দ্রকাঠি গ্রামের ঘোষপাড়ার রাস্তা থেকে উদ্ধার করা হয় কুলসুম বিবির (৫২) লাশ। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার এনাজ উদ্দীন শেখের স্ত্রী। তালা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, কুলসুম বিবি সোমবার বিকালে উপজেলার গোনালী গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হন। তার বাবার নাম ইছু মোল্লা। তিনি আরো জানান, কুলসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাস্তার উপরে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে নিহত কুলসুমের ছেলে কামরুল ইসলাম বাদি হয়ে তালা থানায় একটি হত্যা মামলা করেছেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মুশফিকুর রহমান জানান, দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.