সিরাজগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এবং এর জেরে ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে।
তবে প্রতিবেদনের বিস্তারিত কিছু জানা যায়নি।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী সোমবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রসাশক আমিনুল ইসলামের কাছে প্রতিবেদনটি দাখিল করেন।
দীপক রঞ্জন অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ নভেম্বর পর্যন্ত তদন্তের সময়সীমা নির্ধারণ করা থাকলেও প্রতিবেদন তৈরি করে আজই (সোমবার) তা জমা দিয়েছি।
গত ১১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে সদর উপজেলার সয়দাবাদ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে সাতজন মারা যায়।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেন ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
ঘটনা তদন্তে ওইদিন জেলা প্রশাসন চার সদস্য বিশিষ্ট এই কমিটি করে।
আরেকটি কমিটি করে বাংলাদেশ রেলওয়ে। এই কমিটির প্রতিবেদন ইতোমধ্যে দাখিল করা হয়েছে।
রেল বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাকে নিছক দুর্ঘটনা।
জেলা প্রশাসনের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে তদন্তের স্বার্থে আরো ২০ কার্যদিবস সময় দেওয়া হয়।
তদন্ত চলাকালে এ কমিটির সদস্যরা ট্রেন পোড়ানোর ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার দিন ঘটনাস্থলে দায়িত্বরত র্যাব, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ওই দিন ট্রেনে কর্মরত চালক, গার্ড ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়।
সিরাজগঞ্জ জেলা প্রসাশক আমিনুল ইসলাম প্রতিবেদন প্রাপ্তির কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেদনের কপিটি সিলগালা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রতিবেদন বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদনটি তিনি পড়ে দেখেননি।
তদন্ত কমিটির অন্য সদস্যরাও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের চিফ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাইদী ও জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24