বরিশাল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারী আটক করতে সাদা পোশাকে বের হওয়া বরিশাল কোতয়ালি মডেল থানার দুই মহিলা কনস্টেবল এবার উত্ত্যক্তের শিকার হলেন।
শুক্রবার নগরীর চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মামুন আহম্মেদ (২৭) ও মাইনুল ইসলাম সবুজ (২৬) নামে দু'জনকে আটক করা হয়।
মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার কাঠিপাড়া গ্রামের আব্দুল হকের এবং মাইনুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আ. লতিফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জুয়েল নামে এক পথচারী জানান, দুই মহিলা পুলিশ চকবাজার এলাকায় একটি দোকানে প্রসাধনী কিনতে যান। এ সময় ওই দুই তরুণের একজন বাজি ধরে এক মহিলা পুলিশের গলায় মালা পরিয়ে দেয়।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে র্যাব ও পুলিশের টহল দল দুই তরুণকে আটক করে।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, "উত্ত্যক্তকারীরা চিনতে না পারার জন্য এদের সাদা পোশাকে মাঠে নামানো হয়। কিন্তু তারা যে এভাবে উত্ত্যক্তের শিকার হবে তা ভাবিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24