২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে মানি চেঞ্জারে ডিবি পুলিশের সঙ্গে হাতাহাতি

রাজধানীর মতিঝিলের একটি মানি চেঞ্জারের কর্মচারীদের সঙ্গে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের হাতাহাতিতে ডিবির একজন এসিসহ তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 05:55 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মতিঝিলের একটি মানি চেঞ্জারের কর্মচারীদের সঙ্গে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের হাতাহাতিতে ডিবির একজন এসিসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মতিঝিল থানা পুলিশ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। মতিঝিল থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে গোয়েন্দা পুলিশের এসি ইমাম মোহাম্মদ সাদিকের নেতৃত্বে সাদা পোশাকে ডিবির চার সদস্য মতিঝিল ১১৫/১২০ আদমজী কোর্ট ভবনের তৃতীয় তলায় 'স্কয়ার মানি এক্সচেঞ্জে' যান। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ডাকাত ভেবে চিৎকার শুরু করেন। পরে অন্যান্য অফিসের লোকজন এসে তাদের ঘিরে ফেলে। এ সময় লোকজনের সঙ্গে ডিবি পুলিশ সদস্যদের হাতাহাতি হয়ে বলে জানান ওসি তোফাজ্জল। ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনার সূত্রপাত হয় বলে তিনি জানান। পরে তাদের উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এ ব্যাপারে পুলিশের গোয়েন্দা শাখার ডিসি (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। ডিবি দলকে ডাকাত ভেবে চিৎকার দেওয়ায় আশপাশের অফিসের লোকজন এসে পড়ে। তখন উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ডিবি সদস্যরা সামান্য আহত হয়েছে। তিনি অবশ্য দাবি করেন, ডিবি সদস্যদরা ইউনিফর্ম পরে অভিযানে গিয়েছিলেন। তাদের কাছে তথ্য ছিল যে ওই মানি এক্সচেঞ্জ থেকে ৩ কোটি টাকা মুল্যের ডলার পাচার হয়ে যাচ্ছে। অভিযানের সময় তারা কাগজপত্র ও ডলার খুঁজতে শুরু করলে এক কর্মচারী অফিসের বাইরে গিয়ে ডাকাত বলে চিৎকার দিলে ঘটনার সূত্রপাত ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩৫০ ঘ.