বরগুনা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পায়রা নদীতে একটি ফেরি আংশিক ডুবে গেছে। তবে কেউ মারা যায়নি।
আতঙ্কিত হয়ে ছোটাছুটির করার সময় আহত হয়েছে অন্তত ১৩ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থেকে বরগুনা সদর উপজেলার পুরাকাটা আসার পথে বৃহস্পতিবার রাত ৭টার ফেরিটির তলা ফেটে যায় বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় ফেরিতে ৭-৮টি যানবাহনহর প্রায় দুশ' যাত্রী ছিলো। তলা ফেটে যাওয়ার পর চালক ফেরিটিকে একটি চরে নিয়ে ভেড়ান।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।
বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান ও পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুব হাকিম সাংবাদিকদের জানান, ফেরি থেকে যাত্রীদের উদ্ধার হয়েছে। ফেরি ও যানবাহন উদ্ধারের চেষ্টা চলছে।
ফেরি'র কর্মী ফেরদৌস মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আমতলী থেকে ৫টি যাত্রীবাহী বাস, ২টি ট্রাক ও একটি মাইক্রোবাসসহ ২ শতাধিক যাত্রী নিয়ে ফেরিটি পুরাকাটার উদ্দেশ্যে রওনা দেয়।
মাঝ নদীতে আসার পর ফেরির তলা ফেটে পানি ওঠতে শুরু করলে যাত্রীরা মোবাইল ফোনে সাংবাদিকসহ বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য যোগাযোগ করেন।
নদীর উভয় পাড় থেকে ট্রলার পৌঁছে যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় বেশ কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দেয়। পরে তাদের উদ্ধার করা হয়।
ফেরদৌস জানান, প্রায় নিমজ্জিত অবস্থায় ফেরিটিকে দ্রুতগতিতে পুরাকাটা তীরের কাছের একটি চরে ভেড়াতে সক্ষম হন চালক।
ফেরিযাত্রী একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী মিলন জানান, আতঙ্কিত হয়ে ছুটোছুটির কারণে ১৩ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে পুরাকাটায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24