নাটোর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর শেরে-বাংলা নগর থেকে তাদের গ্রেপ্তার করে।
এরা হলেন- আশরাফুল ইসলাম ওরফে মিঠু (২৫), মো. বাদশা (২৮) ও লুৎফর রহমান (৩১)।
পুলিশ বলেছে, এরা সবাই যুবলীগ কর্মী। মামালা এজাহারে এদের নাম রয়েছে। তাদের সবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা গ্রামে।
নাটোর পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে লুৎফরের ছবি ভিডিও ফুটেজে দেখা গেছে।
নাটোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আসামিদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, তারা গত কয়েকদিন ধরে ঢাকায় আছে- এমন সংবাদের ভিত্তিতে খোঁজ খবর নিয়ে তাদের অবস্থান নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।
এর ভিত্তিতেই তাদের ন্যাম ফ্ল্যাটের উল্টো দিকের ফুটপাত থেকে গ্রেপ্তার করা হয় বলে এসআই জানান।
রাত পৌনে ৯টায় ঢাকা থেকে তাদের নাটোর আনার প্রস্তুতি চলছিলো বলে তিনি জানান।
গত ৮ অক্টোবর সকালে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে দলের স্থানীয় নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এই মামলায় এর আগে রাসেল নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।
শের-ই বাংলা নগর থানার ওসি রিয়াজ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদের সামনের ফুটপাত থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে তাদের গ্রেপ্তারে সহযোগিতা করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24