২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের মেয়াদ বাড়ছে

রাজধানীর ভাষানটেকে বস্তিবাসী ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য পুনর্বাসন প্রকল্পের মেয়াদ আরো তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাষানটেকে বস্তিবাসী ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য পুনর্বাসন প্রকল্পের মেয়াদ আরো তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পটি আগের আগের মতো সরকারি বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) মাধ্যমে বাস্তবায়ন হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ভাষানটেক প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এ সভায় সভাপতিত্ব করেন। প্রকল্পের জন্য বরাদ্দ পুরো এলাকা সীমানা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমি মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০০৩ সালে সরকারি ও বেসরকারি বিনিয়োগে বাস্তবায়নের জন্য রাজধানীর ভাষানটেক এলাকায় ভূমি মন্ত্রণালয়ের প্রায় পাঁচশ একর জমির ওপর এ প্রকল্পটি হাতে নেয় সরকার। এজন্য বেসরকারি আবাসন সংস্থা নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) সঙ্গে সরকারের চুক্তিও হয়। বেসরকারি প্রতিষ্ঠানকে ভূমি বরাদ্দের ক্ষেত্রে প্রকল্পের জমিতে নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ করে দরিদ্র বস্তিবাসী এবং নিু-মধ্যবিত্তদের মধ্যে তা স্বল্পমূল্যে বিক্রির শর্ত ছিলো। এক্ষেত্রে প্রকল্পে ফ্লাট বিক্রির জন্য মনোনীতদের তালিকা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করার কথা। এনএসপিডিএল কর্তৃপক্ষ এ শর্ত না মেনে নিজেদের ইচ্ছামতো ফ্ল্যাট বিক্রির তালিকা তৈরি করে। তারা এসব ফ্ল্যাট সামর্থ্যবান ব্যক্তিদের কাছে বিক্রি করেন বলেও অভিযোগ ওঠে। কয়েকটি সংবাদপত্রে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়। এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগ ও অনিয়মের কারণে গত অক্টোবর মাসের শেষ দিকে এনএসপিডিএল'র সঙ্গে চুক্তি বাতিল করে সরকার। রোববার নিজ কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরে প্রকল্পটির বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। তবে সরকার বস্তিবাসী ও নিু-মধ্যবিত্তদের পুনর্বাসনে প্রকল্প বাস্তবায়ন করতে চায়। তাই এটার মেয়াদ আরো তিন বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, "আগামী ২০১৩ সালের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রকল্পটি কিভাবে বাস্তবায়ন করা হবে তা নির্ধারণে শিগগির একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। "ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সভা করে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করবে।" প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের দায় ও দেনা নির্ধারণে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। কমিটি সোমবারের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে। এরপরই দায় ও দেনার জন্য দায়ী ব্যক্তিসহ অনিয়মের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানান প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮০৭ ঘ.