২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারের মধ্যে টিকেট নিশ্চিত করুন, হজযাত্রীদের বিমানমন্ত্রী

হজযাত্রীদের রোববারের মধ্যে টিকেট নিশ্চিত করতে বলে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী গোলাম কাদের জানিয়েছেন, নইলে তাদের ঝামেলায় পড়তে হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রীদের রোববারের মধ্যে টিকেট নিশ্চিত করতে বলে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী গোলাম কাদের জানিয়েছেন, নইলে তাদের ঝামেলায় পড়তে হতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ভিসা পাওয়া যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১২ হাজার ৬২ জন সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেননি। "এ যাত্রীদের সবার জন্য বিমানসহ অন্য এয়ালাইন্সের টিকেট বুকিং করা রয়েছে" জানিয়ে গোলাম কাদের বলেন, "যারা এখনো সিট নিশ্চিত করেননি, তাদের আগামীকালের মধ্যেই টিকেট নিশ্চিত করতে হবে। নইলে ঝামেলায় পড়তে হতে পারে।" এ বছর হজযাত্রীর সংখ্যা অন্য বছরের তুলনায় অনেক বেশি হলেও পরিবহনে কোনো সমস্যা হয়নি বলে জানান মন্ত্রী গোলাম কাদের। বিমান ও সৌদি এয়ারলাইন্সসহ তৃতীয় সংস্থাগুলো (থার্ড ক্যারিয়ার) এ পর্যন্ত ৭৮ হাজার ছয়শ ৭৫ জন হাজযাত্রী পরিবহন করেছে বলে জানান মন্ত্রী গোলাম কাদের। এ পর্যন্ত ভিসা পেয়েছেন ৯০ হাজার সাতশ ৩৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৬২৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪ হাজার। এছাড়া একশ ১০ জন হজ গাইড রয়েছে। এ বছর তিনশ ১৩টি হজ এজেন্সি হজযাত্রী পাঠানোর কাজ করেছে। এ বছরই প্রথম তৃতীয় সংস্থা (থার্ড ক্যারিয়ার) হিসেবে আটটি আন্তর্জাতিক ও বেসরকারি এয়ারলাইন্স যাত্রী পরিবহনের দায়িত্ব পালন করে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিশেষ ব্যবস্থায় হজযাত্রী পরিবহন করা হবে। তবে সৌদি এয়ারলাইন্স তাদের যাত্রীদের ১১ ও ১২ নভেম্বরও পরিবহন করবে। গত ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হজযাত্রী পরিবহন শুরু হয়। মন্ত্রী জানান, আগামী ২১ নভেম্বর থেকে হজযাত্রীদের দেশে ফেরা শুরু হবে। ২২ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। গত বছর বাংলাদেশ থেকে ৫৮ হাজার হজযাত্রী সৌদি আরব যান। ২০০৮ সালে এ সংখ্যা ছিলো প্রায় ৪৮ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৭ ঘ.