২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতি সংবিধান রক্ষা করেছেন: অ্যাটর্নি জেনারেল

দুই বিচারপতি শপথ নিয়ে আদালতে সৃষ্ট পরিস্থিতি ও সরকারবিরোধী আইনজীবীদের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পদত্যাগ দাবির জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, তিনি এই দুই বিচারপতিকে শপথ পড়িয়ে সংবিধান রক্ষা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 09:35 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বিচারপতি শপথ নিয়ে আদালতে সৃষ্ট পরিস্থিতি ও সরকারবিরোধী আইনজীবীদের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পদত্যাগ দাবির জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, তিনি এই দুই বিচারপতিকে শপথ পড়িয়ে সংবিধান রক্ষা করেছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে নন। প্রধান বিচারপতির মতামতের ভিত্তিতে ১৭ বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিলো। "সাবেক প্রধান বিচারপতি দুই বিচারপতিকে শপথ না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ রাষ্ট্রপতির গেজেটের পর প্রধান বিচারপতির শপথ পড়ানোরে বাধ্যবাধকতা রয়েছে। "বর্তমান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এই দুই বিচারপতিকে শপথ পড়িয়ে সংবিধান রক্ষা করেছেন।" হাইকোর্টের ইতিপূর্বের এক রায়ে আদালত প্রাঙ্গণে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে সরকারের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, "যারা আদালতে হট্টগোল করেছে সরকারের উচিৎ ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।" যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার জন্য একটি মহলের প্ররোচনায় এই হট্টগোল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে বৃহস্পতিবার শপথ নেন ফরিদ আহমেদ, নজরুল ইসলাম তালুকদার, রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামান। এদের মধ্যে রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ করানোয় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পদত্যাগ দাবি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ পড়ানোর পর তাৎক্ষণিক এক সভায় সমিতি এ দাবি তোলে। নতুন দুই বিচারপতিকে বয়কটের সিদ্ধান্তও নিয়েছে তারা। একই দাবিতে সকাল থেকে তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে। এক সময়ের ছাত্রনেতা বাবু একটি মামলার আসামি ছিলেন। খসরুজ্জামানের বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ইয়াজউদ্দিন নেতৃত্বাধীন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ভাংচুরের অভিযাগ ছিলো। অভিযোগ থেকে বাবু ও খসরুজ্জামানকে আদালত অব্যাহতি দিলেও বিএনপি সমর্থক আইনজীবীরা এ নিয়োগের বিরোধিতা করে আসছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রয়েছে। ওদিকে দুই বিচারকের শপথ পড়ানো নিয়ে সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভকে অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, সংবিধান রক্ষার জন্য দুই বিচারপতিকে শপথ পড়িয়েছেন তিনি। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত সোমবার ফরিদ আহমেদ ও নজরুল ইসলাম তালুকদারকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর আগে গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি রুহুল কুদ্দুস বাবু ও খসরুজ্জামানসহ ১৭ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এরপর ১৮ এপ্রিল এ দুজন ছাড়া বাকিদের শপথ করান তৎকালীন প্রধান বিচারপতি ফজলুল করীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫৩৭ ঘ.