গোপালগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চণ্ডিবর্দি গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাড়ির এক মেয়েকে কুপিয়ে হত্যা করেছে।
এলাকাবাসী জানান, চণ্ডিবর্দি গ্রামে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সিরাজুল ইসলামের স্ত্রী সালেহা ইসলাম ডলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যালকনির গ্রিলের তালা ভেঙ্গে ১০/১২ জনের একদল ডাকাত ঘরের মধ্যে ঢুকে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা নগদ ৭০ হাজার টাকা ও ১৬ ভরি স্বর্নালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।"
সালেহা বলেন, "এসময় বাধা দিলে ডাকাত দলের সদস্যরা আমার মেয়ে মেহের আফরোজ শাওনকে (২২) কুপিয়ে আমাদের সামনেই হত্যা করে। আমার স্বামী ও আমাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আমার স্বামীর অবস্থা আশংকাজনক।"
সিরাজুল ইসলাম (৫৮) ও সালেহা ইসলাম ডলি (৪৫) কে মুকসুদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সিরাজুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আফাদ আলী (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সে চণ্ডিবর্দি গ্রামের হাতেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তিন বছর আগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালিনগর গ্রামের মাহবুববুর রহমানের সাথে তিন বছর আগে মেহের আফরোজ শাওনের বিয়ে হয়। সে বাবার বাড়ি বেড়াতে এসেছিলো।
মুকসুদপুর থানার ওসি একেএম লিয়াকত আলী ডাকাতির কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২১ ঘ.
bdnews24