গাজীপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর থেকে মঙ্গলবার সকালে এক শিশুর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাম হাত, বাম পা ও মাথা উদ্ধার করা গেলেও মূল দেহ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিয়াজুল ইসলাম (১১ মাস) ওই এলাকার তৌহিদুল ইসলামের (২৪) ছেলে।
তাকে হত্যার অভিযোগে পুলিশ তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, অভাবের কারণে ছেলেকে খুন করেছেন বলে তৌহিদুল জানিয়েছেন।
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৌহিদুল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে রিয়াজকে নিয়ে বের হন। রাতে বাড়ির পাশে গজারি বনের ভেতর রিয়াজকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার বাম হাত, বাম পা ও মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে রেখে বাড়িতে ফেরেন। বাসায় ফিরে স্ত্রী লিপাকে জানান, রিয়াজকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বনের ভেতর থেকে শেয়াল-কুকুর শিশুটির মাথা নিয়ে টানাটানি করতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এ সময় তৌহিদের আচরণ সন্দেহজনক হলে তাকে পুলিশ আটক করে।
রিয়াজের দেহের উদ্ধার করা অংশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিটা উদ্বারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮০৮ ঘ.
bdnews24