ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন কারাগারে বন্দি ৫৮৭ বাংলাদেশিকে ফেরানোয় সরকারি উদ্যোগ বিষয়ে এক মাসের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট।
এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের পরিচয়, তাদের আইনগত সহায়তা দেওয়াসহ দেশে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- এসব জানাতে সরকারকে দুই মাস সময় দেওয়া হয়েছে।
সরকারের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া শাখার মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের প্রতি এসব নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী শহিদুল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়।
একইসঙ্গে সব বন্দিদের ফিরিয়ে আনতে ও তাদের আইনগত তথ্য জানাতে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ।
শহিদুল হক রোববার হাইকোর্টে আবেদনটি দায়ের করেন।
এতে বলা হয়, গত ২৭ অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় 'পশ্চিমবঙ্গে আড়াই হাজারের বেশি বাংলাদেশি কারাবন্দি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে পাঁচশ ৮৭ জন বন্দির সাজার মেয়াদ তিন-চার বছর আগেই শেষ হয়েছে। কিন্তু দুই দেশের কূটনৈতিক জটিলতার কারণে এসব বন্দি দেশে ফিরতে পারছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৮০৫ ঘ.
bdnews24