নড়াইল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলে এক গৃহবধূ ও তার মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকার মালিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ বলেছে, পূর্ব শত্র"তার জেরে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটাতে পরে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতরা হলেন- মালিয়াডাঙ্গা গ্রামের মঞ্জুর মোল্লার স্ত্রী নাজমা বেগম (২৬) ও তার মেয়ে রজনী (৪)।
নাজমা তুলারামপুর গ্রামের ছাত্তার মোল্লার মেয়ে।
তার মা নুরুন নাহার সাংবাদিকদের জানান, ১০ বছর আগে নাজমার বিয়ে হয়। তার সংসারে কোনো অশান্তি ছিলো না বলেও তিনি জানান।
শাশুড়ী জয়তুন নেছা জানান, রোববার রাতে নাজমা ছোট মেয়ে রজনীকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন।
সোমবার সকালে তার বড় মেয়ে চুমকি বই আনতে ওই ঘরে যায়। ঘরের দরজা খোলা দেখে সে মা ও বোনকে খুঁজতে থাকে।
পরে পরিবারের লোকজন বাড়ির পাশের একটি ফাঁকা জমিতে রজনীকে এবং পাশের ধান ক্ষেতে নাজমার লাশ পড়ে থাকতে দেখে।
শাশুড়ী আরো জানান, তার ছেলে মঞ্জুর একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করে। রোববার দুপুরে থেকে তিনি বাড়ি ছিলেন না।
নড়াইল সদর থানার ওসি আলমগীর শেখ জানান, পুলিশ নাজমা বেগম ও রজনীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাদের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নড়াইলের পুুলিশ সুপারিনটেনডেন্ট এস এম ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এখন পর্যন্ত এই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24