২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসের সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

তিন মাসের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম শাহানা ইসলাম (৩৫) ও তার মেয়ে নিশাত। কমলাপুর জিআরপি থানার ওসি আলী হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহবধূ শাহানা তার শিশুকন্যা নিশাতকে নিয়ে ঢাকা থেকে খুলনার পথে ছেড়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেসের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। শাহানার স্বামী আজহারুল ইসলাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) একজন কর্মচারী (নকশা প্রণয়নকারী)। সবুজবাগ থানা এলাকার দক্ষিণ গোড়ানের ১৬১/১ নম্বর বাসায় স্বামীর সঙ্গে থাকতেন শাহানা। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, "শাহানা মানসিকভাবে অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে ট্রেনে করে তিনি ফেনী ও চট্টগ্রামে চলে গিয়েছিলেন। পরে তাকে খুঁজে নিয়ে আসা হয়। এভাবে প্রায়ই তিনি হারিয়ে যেতেন।" রোববার রাতে শাহানা বাসায় তার এক বোনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। তার স্বামী ঘুমিয়ে ছিলেন পাশের কক্ষে। ভোর থেকে শাহানা ও তার মেয়েকে পাওয়া যাচ্ছিলো না বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে। মা ও শিশুর লাশ জিআরপি থানায় রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি আলী হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/এমআই/১২৫৫ ঘ.