২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৮ নভেম্বর বাস ধর্মঘট

সড়ক সংস্কারের দাবিতে আগামী ৮ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 06:48 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে আগামী ৮ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিকরা। বহদ্দারহাট বাস টার্মিনাল ও সংযোগ সড়ক সংস্কারের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী ধর্মঘটের পর 'দক্ষিণ চট্টগ্রাম পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ' এ কর্মসূচি আহ্বান করে। চট্টগ্রাম-বান্দরবান রুটও এ ধর্মঘটের মধ্যে পড়েছে। সোমবার ১ ঘণ্টার ধর্মঘটের দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে বাস চলাচল বন্ধ ছিলো। ধর্মঘটের সমর্থনে বহদ্দারহাট টার্মিনালের কাছে চান্দগাঁও থানার সামনে সমাবেশ করে শ্রমিকরা। এতে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ মুসা, মোহাম্মদ আলী, ইউনুস কোম্পানি প্রমুখ। দক্ষিণ চট্টগ্রাম পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টার্মিনাল ও সড়ক সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।" সংস্কারে অভাবে টার্মিনাল ও সংযোগ সড়কে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে বলে জানান মুসা। টার্মিনালে কোনো ধরনের নিরাপত্তা নেই জানিয়ে তিনি বলেন, "স্থানীয়রা বাস টার্মিনালের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে চলাচলের রাস্তা করেছে। সীমানা প্রাচীর না থাকায় রাতে অপরাধীরা টার্মিনালে ঢুকে বেআইনি কার্যকলাপ চালায়।" মুসা আরো অভিযোগ করেন, ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী গাড়িগুলো টার্মিনালে যত্রতত্র রাখা হয়। এতে স্থানীয় রুটের বাস টার্মিনালে ঢুকতে ও বেরুতে পারে না। টার্মিনালের সংযোগ সড়ক সংস্কারের বিষয়ে কয়েকবার আবেদনের পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাড়া মেলেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১২৪৪ ঘ.