ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ৯ম-১০ম শ্রেণীর ইসলামের ইতিহাস (দাখিল) বইয়ে অস্পষ্ট ছাপা, বানান, শব্দ ও বাক্যে নানা ত্র"টি-বিচ্যুতি থাকার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে রোববার সাময়িকভাবে বরখাস্ত করেছে।
তারা হলেন- ওই পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি ও পজিটিভ দেখে প্রিন্ট অর্ডার প্রদানকারী কর্মকর্তা বিষয় বিশেষজ্ঞ ওহিদ আলম লস্কর, প্রেস মনিটরিং কর্মকর্তা আসগর আলী হাওলাদার, ফেরদাউস উর রহমান, আবুল হাসেম খান ও নার্গিস সিদ্দিকা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিদেশে অবস্থানকালে তাকে এ বিষয়টি জানানো হলে তিনি তা খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপর ২৬ অক্টোবর এনসিটিবি'র সদস্য (অর্র্থ) নাসিম উদ্দিনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি রোববার এই পাঁচজনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়।
এ বইটির কপি জেলা শিক্ষা অফিসে বিতরণের জন্য পাঠানো হয়েছিল। পরে তা এনসিটিবিতে ফেরত পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24