দিনাজপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ দিনাজপুরের ফুলবাড়ীতে জনসভার মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার বিকাল ৪টায় ফুলবাড়ী উপজেলা সদরে উর্বশী সিনেমা হলের সামনের সড়কে সমাবেশে প্রায় ৩০ হাজার লোক সমবেত হয়।
সমাবেশে তেল-গ্যাস রক্ষা কমিটির আহবায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, "আমাদের আন্দোলন সফল হবে, শত্র"পক্ষ পরাজিত হবে।" সমাবেশে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ ঢাকা-ফুলবাড়ী লংমার্চের ঘোষণাপত্র পাঠ করেন।
তেল-গ্যাস রক্ষা কমিটির নেতারা খনিবিরোধী আন্দোলনে নিহত আমিন, সালেকিন ও তরিকুলের অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দেন।
ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে ২০০৬ সালের ২৬ অগাস্ট এশিয়া এনার্জির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভে পুলিশ-বিডিআর গুলি চালালে এ তিনজন মারা যান।
সাত দফা দাবিতে এই লংমার্চ রোববার রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়। মূলত বামপন্থী দলগুলোর নেতা-কর্মীরাই এতে অংশ নেয়।
সাত দফা দাবির মধ্যে রয়েছে- জাতীয় সম্পদের ওপর শতভাগ জাতীয় মালিকানা ও এর সঙ্গে সাংঘর্ষিক নীতি ও চুক্তি বাতিল, আইন করে খনিজ সম্পদ রপ্তানি ও উম্মুক্ত খনি নিষিদ্ধ করা, বিদ্যুত উৎপাদন ও বিতরণ সংস্থার কার্যক্রম গতিশীল করা ইত্যাদি।
গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুর হয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় লংমার্চ দিনাজপুর পৌঁছায়।
তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সমাবেশ ঘিরে ফুলবাড়ীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।"
নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে বিভিন্ন দল ও সংগঠনের কর্মীরা সমাবেশে যোগ দেয়। নিহতদের স্মরণে বিভিন্ন পয়েন্টে তোরণ নির্মাণ করা হয়।
শনিবার সকাল ১০ টায় লংমার্চের একটি অংশ দিনাজপুর-ফুলবাড়ী সড়ক দিয়ে ও অপর অংশটি দিনাজপুর-চিরিরবন্দর সড়ক দিয়ে পার্বতীপুরের বড়পুকুরিয়া হয়ে বেলা সাড়ে ৩টায় ফুলবাড়ী পৌঁছে।
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, সমুদ্র বিশেষজ্ঞ নুর মোহাম্মদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/২১০০ ঘ.
bdnews24