সিরাজগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যমুনা নদীতে পড়েছে। এতে দুজন বৈমানিক ছিলেন, এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বৈমানিকের নাম শামসু উদ্দিন (২৫), বাড়ি জামালপুরে। নিখোঁজ রয়েছেন প্রশিক্ষক কামরুল হাসান (২৬)। তিনি ঢাকার বনানী এলাকার বাসিন্দা।
চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় শনিবার বেলা পৌনে ১২টার দিকে সেসনা বিমানটি বিধ্বস্ত হয় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশ প্রথমে বিমানটিকে বিমানবাহিনীর বললেও পরে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন এটি একটি বেসরকারি ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণ বিমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইং ক্লাবের ওই বেসরকারি প্রশিক্ষণ বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পৌনে ১২টার দিকে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের দত্তকান্দি এলাকায় যমুনা নদীতে এটি বিধ্বস্ত হয়।"
উদ্ধার বৈমানিক শামসু উদ্দিনকে প্রথমে বেলকুচি উপজেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে অন্য একটি বিমানে ঢাকা পাঠানো হয়।
কামরুল হাসানকে উদ্ধারে স্থানীয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোশাররফ।
পাবনার দমকল বাহিনীর ডুবুরি দল ও সিরাজগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা কামরুলকে উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানটি নদীতে ডুবে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/আরএ/কেএমএস/এমআই/১৩২১ ঘ.
bdnews24