ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যলয়ের দু'জন ছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র সোহরাব হোসেন।
কাওরান বাজার এলাকার হোটেল থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে র্যাব দাবি করলেও আটক দুই ছাত্র তা অস্বীকার করেন।
দেলওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এটিএন নিউজ কার্যালয়ের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে। আশপাশের লোকজনের সঙ্গে আমরাও দৌড় দিই। এসময় র্যাব আমাদের গ্রেপ্তার করে।"
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সাফিউল সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি আমাদের একটি নিয়মিত অভিযান। শুধু যারা হোটেলে অবৈধভাবে অবস্থান করে তাদেরকেই গ্রেপ্তার করা হয়। বাইরে থেকে কাউকে গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।"
গ্রেপ্তার ছাত্রদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/ডিডি/এইচএ/২২৪০ ঘ.
bdnews24