নরসিংদী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় হাসানুজ্জামান নামের এক 'অস্ত্র সরবরাহকারী'সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন নিহত তাঁত শ্রমিক শাহাদাৎ হোসেনের (২০) মা শান্তি বেগম।
আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন এবং বিএনপি সমর্থক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাছানের সমর্থকদের মধ্যে বাঘাই কান্দী গ্রামে এ সংঘর্ষ হয়।
এতে শাহাদাৎ হোসেন নিহত হন। আহত হন মহিলাসহ অন্তত ২৪ জন।
এ ঘটনায় পুলিশ তিন মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- আহাদ আলী (৬০), রুমা বেগম (৩৬), রুবি বেগম (১৯) ও মোমেলা খাতুন (৪৫)।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন মিয়া বলেন, হাসান একজন অস্ত্র সরবরাহকারী। তিনি নরসিংদী শহরে থাকলেও বাঘাইকান্দী গ্রামের তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করাই তার প্রধান কাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.
bdnews24